ইরানে নতুন হামলার তারিখ জানালো যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি হিসেবে উপসাগরীয় মিত্র দেশগুলোকে আগাম সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ইঙ্গিত অনুযায়ী, দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরদিনই অর্থাৎ আগামী ৪ নভেম্বরের মধ্যে এই হামলা চালানো হতে পারে।
মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও'র প্রতিবেদনে তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তার বরাত দিয়ে এই খবরটি সামনে আনা হয়েছে। বিষয়টির সঙ্গে জানাশোনা ওই কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য এই অভিযান খুব বেশি দীর্ঘমেয়াদি না হলেও তা হবে বেশ তীব্র। তবে তেহরানের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির অবসান ও উত্তেজনা কমানোর তাগিদ দিচ্ছে উপসাগরীয় মিত্র দেশগুলো।
প্রতিবেদনে এক জ্যেষ্ঠ কর্মকর্তার সূত্রে উল্লেখ করা হয়েছে, সামরিক অভিযান চালাতে গিয়ে নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ব্যবহারের সুযোগ না-ও দিতে পারে কয়েকটি উপসাগরীয় দেশ। এর আগে গত ১ সেপ্টেম্বরের পর ইরানে মার্কিন বাহিনী নতুন করে কোনো সামরিক আঘাত হানেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভোটের আগে সেখানে অভিযান না চালানোর যে আশ্বাস দিয়েছিলেন, সেটিও বহাল ছিলো।
তবে সম্ভাব্য এই অভিযান পরিকল্পনার ব্যাপারে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের এক প্রতিনিধি সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি জানান, "যেসব সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।" একই সঙ্গে ইরান যাতে চরম পরিস্থিতিতেও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের পথ খোলা রেখেছেন বলেও ওই কর্মকর্তা স্পষ্ট জানান।
//আইই//
