ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১,৩৬৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ৩৫৭ জনের মৃত্যু হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন। /এমএএইচ/