সবজি চাষে স্বাবলম্বী রংপুরের সেলিনা
সেলিনা আক্তার উপজেলার কান্দী ইউনিয়নের কান্দী কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা। এক সময় সংসারে সচ্ছলতা আনতে তাকে বেশ হিমশিম খেতে হতো। পরে বাড়ির পাশের এক একর জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ শুরু করেন তিনি। কঠোর পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে সাফল্য আসে। শীত ও গ্রীষ্ম দুই মৌসুমেই তার জমিতে লাউ, মিষ্টিকুমড়া, বেগুন, করলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শসা, শিমসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পর অবশিষ্ট সবজি আড়তে বিক্রি করেন তিনি। অনেক সময় পাইকাররা সরাসরি ক্ষেত থেকে সবজি কিনে নেওয়ায় পরিবহন খরচও কমে। সেলিনা আক্তার জানান, প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেন তিনি। খরচ বাদ দিয়ে আয় থাকে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এই আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি অনার্সপড়ুয়া একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করছেন। তার খেতে প্রতিদিন গড়ে চার থেকে ছয়জন শ্রমিক কাজ করেন। সেলিনা জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি। স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন, কৃষি পরামর্শ, উন্নত বীজ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা পেলে তার মতো উদ্যোক্তারা আরও এগিয়ে যেতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, সেলিনার মতো নারী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার সাফল্য অন্য নারী ও বেকার তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে। /শান্ত/