জাতীয় নির্বাচনের মতোই সমান গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা শুরু থেকেই স্বচ্ছতায় (ট্রান্সপারেন্সি) বিশ্বাস করি। সবকিছু সবার কাছে দৃশ্যমান ও স্বচ্ছ রাখাই আমাদের মূল নীতি। তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো মারামারি, সহিংসতা বা নেতিবাচক ঘটনার খবর পাওয়া যায়নি। টুকটাক যে বিষয়গুলো এসেছে, সেগুলো খুবই ছোটখাটো। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আসা কিছু অভিযোগের বিষয়ে সিইসি বলেন, উনাদের অভিযোগগুলো আমরা সমাধান করেছি। যেমন— একটা হেলথ ক্যাম্প নিয়ে অভিযোগ ছিলো, সেটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে সিইসি বলেন, আমরা কেবল একটি নির্বাচন শেষ করতে চাই না, দেশে একটি ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। কোনো ধরনের অনিয়মের অভিযোগ এলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সাধারণত উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি বা টার্নআউট কিছুটা কম হয়ে থাকে। তবে নির্বাচন কমিশন ভোটের জন্য যে সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করেছে, তাতে এবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটারদের আশাব্যঞ্জক উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেন সিইসি। এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী—এই ৩ উপজেলা নিয়ে গঠিত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। /এমএএইচ/