চিত্রশিল্পী সাইদা কামাল আর নেই
সাইদা কামাল কবি সুফিয়া কামালের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের ছোট বোন। সুলতানা কামাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, সাইদা কামাল দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো। সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবার আরও জানায়, সাইদা কামাল তার সৃজনশীল শিল্পকর্মের মধ্য দিয়ে দেশের চারুশিল্পে অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় শিক্ষা লাভ করেছেন। দেশ-বিদেশে তার বহু একক আর যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাইদা কামাল তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতালে’ কর্মরত ছিলেন। এই অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেন। /সোহেল/