সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল
নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে জানিয়ে বিভাগীয় ব্যবস্থাও নেওয়ার অনুরোধ করা হবে। গত ২৯ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর এই বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান এতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট দেওয়ার তথ্য পাওয়া গেছে। এই ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ অক্টোবরের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট এলাকার প্রকৌশলীদেরও অবহিত করা হয়েছে। গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। /শান্ত/