Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু’র চলে যাওয়ার দিন আজ
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু’র চলে যাওয়ার দিন আজ

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ার এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। পারিবারিক ডাক নাম ছিলো রবিন। তাঁর বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। বাবার উপহারের দেওয়া প্রথম গিটার হাতে নিয়ে এক দীর্ঘ যাত্রা শুরু করেন তিনি। ১৯৭৭ সালে তাঁর সংগীতজীবন শুরু হয়। পরের বছর ব্যান্ড ফিলিংসে যোগ দেন। তাঁর প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। তারপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজেই গঠন করেন ব্যান্ড এলআরবি। প্রথমে এর পূর্ণ অর্থ ছিলো লিটল রিভার ব্যান্ড। একই নামে অস্ট্রেলিয়ায় অন্য একটি ব্যান্ড থাকায় নাম পরিবর্তন করে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড। আইয়ুব বাচ্চু দীর্ঘ সংগীত ক্যারিয়ারে বিভিন্ন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৯ সালে ‘লাল বাদশা’ ও ‘আম্মাজান’, ২০০০ সালে ‘গুন্ডা নাম্বার ওয়ান’, ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ও ‘রং নাম্বার’, ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’, ২০১২ সালে ‘চোরাবালি’, ২০১৩ সালে ‘টেলিভিশন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ ইত্যাদি। তাঁর গাওয়া ‘আম্মাজান’ গানটি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসের সেরা একটি গান। সুরের জাদুকর খ্যাত এই তারকার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ নামে’ প্রকাশ হয় ১৯৮৬ সালে। আর এলআরবির প্রথম অ্যালবাম হচ্ছে ‘এলআরবি’ (১৯৯২)। তারপর ‘ব্যান্ডের সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারী মন’, ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০০), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নেই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২) প্রকাশ হয়। এই ব্যান্ড তারকার একক অ্যালবামের মধ্যে আরও রয়েছে ‘ময়না’ (১৯৮৮), ‘কষ্ট’ (১৯৯৫), ‘সময়’ (১৯৯৮), ‘একা’ (১৯৯৯), ‘প্রেম তুমি কি!’ (২০০২), ‘দুটি মন’ (২০০২), ‘কাফেলা’ (২০০২), ‘প্রেম প্রেমের মতো’ (২০০৩), ‘পথের গান’ (২০০৪), ‘ভাটির টানে মাটির গানে’ (২০০৬), ‘জীবন’ (২০০৬), ‘সাউন্ড অব সাইলেন্স’ (ইন্সট্রুমেন্টাল, ২০০৭), ‘রিমঝিম বৃষ্টি’ (২০০৮), ‘বলিনি কখনো’ (২০০৯), ‘জীবনের গল্প’ (২০১৫)। এছাড়াও বিভিন্ন সময় অনেক মিশ্র অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি। নব্বইয়ের দশকে ব্যান্ড এলআরবি ও ও ফিলিংস যৌথভাবে ‘ক্যাপসুল’ ও ‘স্ক্রু ড্রাইভার’ নামে শ্রোতাপ্রিয় দুটি অ্যালবাম উপহার দেন সংগীতপ্রেমীদের। /এমএএইচ/