শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ৩০ কারখানায় ছুটি ঘোষণা
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে ২ এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে আশপাশের বিভিন্ন কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তিনি আরও জানান, আশুলিয়া থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে শ্রমিকদের উসকে দিতে গুজব ছড়ানোর অভিযোগও করেন তিনি। অন্যদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান। প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালশী সড়কে শ্রমিকদের অবরোধ চলছিলো। /শান্ত/