ডিউটি শেষে বাসায় ফিরছিলেন শ্রমিক, প্রাণ গেলো ছিনতাইকারীর ছুরিকাঘাতে
নিহত কার্তিক ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়্যূথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। /এমএএইচ/