সরকারকে দুই মাসের আলটিমেটাম দিলেন শিক্ষকরা
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসনপ্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার আওতায় থাকলেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে ভিন্ন নীতিমালা কার্যকর রয়েছে। এর ফলে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উচ্চতর গ্রেডপ্রাপ্তিতে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, এই বৈষম্য দূর করতে স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংশোধন করে মাদ্রাসার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিক্ষক নেতারা জানান, আগামী দুই মাসের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। /শান্ত/