লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে লিবিয়ার ত্রিপোলি থেকে বুরাক এয়ারের ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে তাঁদের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। /এমএএইচ/