কুষ্টিয়ায় ৩ দিনের লালন উৎসব শুরু
ছেঁউড়িয়ায় ৩ দিনের এই মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউল সাধক, গবেষক, শিল্পী, সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে লালন আখড়াবাড়ি। বাউল গানের সুর, সাধক-অনুরাগীদের ভাববিনিময় এবং লোকজ সংস্কৃতির নানা আয়োজনে স্থানটি হয়ে উঠবে প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন কেন্দ্র। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণীকে ধারণ করে এই মেলা মানুষে মানুষে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা আয়োজক ও লালন-অনুরাগীদের। আজ বেলা ৩টায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান। /সোহেল/