রোনান সুলিভানকে নিয়েই সাফের প্রাথমিক দল
গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেন রোনান। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়েছিল ৪-৩ গোলে। ওই আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি এবং ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে গোল করেন রোনান। ২৮ জনের প্রাথমিক দলে সিংহভাগই চেনা মুখ। আছেন তিন গোলকিপার মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে তপু বর্মণ, তারিক রায়হান কাজী ও বিশ্বনাথ ঘোষের মতো অভিজ্ঞদের সাথে আছেন রহমত মিয়ারা। প্রবাসীদের মধ্যে হামজা চৌধুরী, শোমিত সোমের সাথে আছে ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ মাহে খান। এছাড়া রয়েছেন সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন এবং জামাল ভূঁইয়া। ইন্দোনেশিয়ার জাকার্তায় আশিয়ান কাপে খেলতে গিয়ে বিতর্কের জন্ম দেওয়া সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রও আছেন প্রাথমিক দলে। প্রাথমিক দলে আরও দুজনকে শুধু অনুশীলনের জন্য রাখা হয়েছে। তারা হলেন ইসহাক আকন্দো ও মোহাম্মদ আসিফ। আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে প্রথম এবং সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। কেআর/শান্ত/