রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের আর্থিক জোগান দিতেন। ২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকানের ম্যানেজারের সহযোগিতায় ৬ লাখ টাকায় রাশিয়ায় পাড়ি জমান। সেখানে একটি বেকারিতে কাজ নেন তিনি। বাংলাদেশি মুদ্রায় বেতন প্রায় ৭০ হাজার টাকা। সেখানে পরিচয় হয় বাংলাদেশি দালালের সঙ্গে। ওই দালাল তাঁকে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত করে দেবেন বলে এককালীন ৩০ লাখ টাকার প্রলোভন দেখান। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলে যান সাগর। তারপর বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে যোগাযোগ। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তাঁর বোনকে ফোন করে জানান, সাগর মারা গেছেন। এই খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায়, তখন তাঁকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাঁকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তাঁর বন্ধু জানিয়েছে সাগর মারা গেছে। /শুভ/