সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা নিয়ে আইনি নোটিশ
বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল কালাম আজাদ এই নোটিশ পাঠান। নোটিশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ১৪ থেকে ১৬ অক্টোবর বিভিন্ন সংবাদমাধ্যমে সৌদি আরবে দুই বাংলাদেশির বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস অবগত ছিলো না বলে অভিযোগ করেছেন নোটিশদাতারা। তাদের মতে, এই ঘটনা প্রবাসী কর্মীদের আইনি সহায়তা ও কূটনৈতিক সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। নোটিশে চারটি প্রধান দাবি জানানো হয়েছে। এগুলো হলো সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের আইনি অবস্থা পর্যবেক্ষণে রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা চালু, গ্রেপ্তার বা আইনি সংকটে পড়লে জরুরি কনস্যুলার সহায়তা নিশ্চিত, আদালত ও বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণে পোর্টাল তৈরি এবং মৃত্যুদণ্ডের ঘটনায় যোগাযোগের ঘাটতি তদন্ত করে প্রতিবেদন প্রকাশ। এছাড়া ‘আমি প্রবাসী’ অ্যাপ বা কূটনৈতিক সেবাসংশ্লিষ্ট অ্যাপে জরুরি যোগাযোগ ও এসওএস সুবিধা জোরদার এবং প্রবাসী কর্মীদের পরিবারের জন্য আইনি অবস্থাসংক্রান্ত তথ্য জানার ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কনস্যুলার সুরক্ষা প্রটোকল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রিটসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন নোটিশদাতারা।