Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার সঙ্গে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ নিয়ে আলোচনা শুরু হচ্ছে মঙ্গলবার
মালয়েশিয়ার সঙ্গে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ নিয়ে আলোচনা শুরু হচ্ছে মঙ্গলবার

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে প্রথম দফার আলোচনা ঢাকায় শুরু হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর)। ঢাকার হোটেল সোনারগাঁওয়ে প্রথম দফার আলোচনা উদ্বোধন করবেন বাণিজ্য সচিব। এরইমধ্যে দু’দেশের পক্ষ থেকে প্রস্তুত করা খসড়া প্রস্তাব বিনিময় হয়েছে। প্রথম দফার বৈঠকে এসব প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া রাতে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চুক্তি নিয়ে আলোচনার দায়িত্বে থাকা এফটিএ অনুবিভাগের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার বদলি ও পদায়নের কারণে নতুন করে আলোচক দল সাজাতে হয়েছে মন্ত্রণালয়কে। মালয়েশিয়ার সঙ্গে আলোচনার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে। উপপ্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন একই অনুবিভাগের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। জানা গেছে, এফটিএর আওতায় দু’দেশের বাণিজ্যিক চাহিদা, বাজারে প্রবেশাধিকার এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। এক দেশ অন্য দেশকে কী ধরনের বাণিজ্য সুবিধা দিতে পারে, তা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান, তৈরি পোশাক রপ্তানি এবং হালাল পণ্যের বাজারে বাংলাদেশের প্রবেশের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির এই আলোচনায় দু’দেশের বাণিজ্য ভারসাম্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আলোচনায় অংশ নিতে মালয়েশিয়ার ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল এরইমধ্যে বাংলাদেশে এসেছে। দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তা ড. রশিদি সাইদের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য চুক্তি-সংক্রান্ত এফটিএ অনুবিভাগই সাধারণত এ ধরনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি এই বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গত ১৮ অক্টোবর তাঁর এই পদায়ন হয়। এর আগে, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক (চিফ নেগোশিয়েটর—সিএন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আয়েশা আক্তার। এই বিভাগের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদও সম্প্রতি বদলি হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে গিয়েছেন। একাধিক বাণিজ্য আলোচনায় তিনি উপপ্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে এফটিএ অনুবিভাগের অভিজ্ঞ কর্মকর্তাদের ছাড়াই মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হচ্ছে মন্ত্রণালয়কে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে শরফ উদ্দিন আহমদ চৌধুরীও যোগ দিয়েছেন মাত্র দু’দিন আগে। নেতৃত্বের পরিবর্তন ও নতুন আলোচক দল গঠন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নেতৃত্বে পরিবর্তন এলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আলোচনা এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গুরুত্বপূর্ণ এফটিএ আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দু’দেশের সরকারপ্রধান এই চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। ২০২৭ সালের মধ্যেই চুক্তি সম্পন্ন করার অঙ্গীকারও রয়েছে উভয় দেশের। সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় প্রায় ৩০৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে একই সময়ে মালয়েশিয়া থেকে আমদানি করেছে প্রায় ২২ কোটি ডলারের পণ্য। এ পরিসংখ্যান অনুযায়ী, দুদেশের মধ্যে বাণিজ্যের হিসাবেই বড় ব্যবধান রয়েছে। /এসআই/এমএএইচ/