‘স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যবহার করা হবে ক্যান্সার চিকিৎসায়’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে। ক্যান্সার প্রতিরোধে যা যা করণীয়, সব করবে সরকার। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারও চাকরি থাকবে না। রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। তিনি বলেন, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী ৩ মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ৷ /কেআর/এমএএইচ/