দীর্ঘ বিরতি শেষে চলচ্চিত্রের গানে ফিরলেন মনির খান
গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দীর্ঘদিন পর সিনেমার গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মনির খান। তিনি বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’ আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে মনির খানের স্বতন্ত্র পরিচিতি। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামে প্রথম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে অডিও অঙ্গনে পরিচিতি পান তিনি। এরপর ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর তার চলচ্চিত্রের গানে ফেরা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। /শান্ত/