পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করা হয়েছিলো। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশসহ আশপাশের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। /এমএএইচ/