ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
ক্যানসারের চিকিৎসা আরও সাশ্রয়ী করতে ১৩৭টি ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ৯ নভেম্বর থেকে নতুন মূল্যসীমা কার্যকর হবে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির রাসায়নিক ও সার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সূত্র রয়টার্স সিদ্ধান্ত অনুযায়ী, ওষুধগুলোর সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যের (এমআরপি) ৩০ শতাংশের বেশি মুনাফা রাখতে পারবেন না বিক্রেতারা। দাম কমানোর তালিকায় রয়েছে ২০টির বেশি ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ। এছাড়া স্তন, প্রোস্টেট, কোলন, ডিম্বাশয় ও জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এই সিদ্ধান্তের আওতায় আসবে। ২০১৯ সালে প্রথমবারের মতো ৪২টি ক্যানসারের ওষুধের দাম নিয়ন্ত্রণে আনে ভারত সরকার। এতে ওষুধগুলোর দাম সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। এবার সেই উদ্যোগের আওতা আরও বাড়ানো হয়েছে। /এমএএইচ/