বেক্সিমকো ফার্মার ইপিএস বেড়ে ২০ টাকা ১৭ পয়সা
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২০ টাকা ১৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এই আয় ছিলো ১৫ টাকা ৫৬ পয়সা। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১১৯ টাকা ৪ পয়সা থেকে বেড়ে ১৩৯ টাকা ১৮ পয়সা হয়েছে। আর শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১৬ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়। এজিএম নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা ২০২৫-২৬ অর্থবছরের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের বিষয়টি আগের অর্থবছরের ৪৯তম এজিএমের ওপর নির্ভর করছে। ৪৯তম এজিএম আয়োজনে বিলম্ব মার্জনার আবেদন বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এই বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামী ১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আদালতের রায়ের পর আইন ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে দুই এজিএমের তারিখ, সময় ও অন্যান্য তথ্য শেয়ারহোল্ডারদের জানাবে কোম্পানিটি। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের পর বেক্সিমকো ফার্মার শেয়ারদরে সামান্য ঊর্ধ্বগতি দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেয়ারটির দাম ০.২৮ শতাংশ বেড়ে ১৪৩ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। /শান্ত/