Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নিজের কৃতিত্ব ছাড়াই বিশ্বরেকর্ড করে ফেললেন মেসি!
নিজের কৃতিত্ব ছাড়াই বিশ্বরেকর্ড করে ফেললেন মেসি!

নতুন আবিষ্কৃত উদ্ভিদটির নাম গবেষকেরা রেখেছেন ‘সালভিয়া মেসি’। এর আগে আরও পাঁচটি আবিষ্কারের সঙ্গে জুড়ে রয়েছে মেসির নাম। তার মধ্যে রয়েছে একটি টিকটিকি, একটি মাকড়সা, দুটি জীবাশ্ম প্রজাতি এবং একটি ছত্রাক। প্রাণী, জীবাশ্ম, ছত্রাকের পর উদ্ভিদের একটি প্রজাতিও মেসির নামে পরিচিত হল। নতুন আবিষ্কৃত উদ্ভিদটিকে বিপন্ন প্রজাতির হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাকৃতিক আবাসস্থলের বিশেষ সংরক্ষণ প্রয়োজন। না হলে আগামী কয়েক বছর পর হারিয়ে যাবে ‘সালভিয়া মেসি’। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সান মার্কোসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী পল গনজালেসের নেতৃত্বে একদল গবেষক নতুন প্রজাতির উদ্ভিদটির সন্ধান পেয়েছেন। ‘সালভিয়া মেসি’ একধরনের ঔষধি উদ্ভিদ। পেরুর মধ্য ও দক্ষিণাঞ্চলের আন্দিজ পর্বতমালায় প্রাকৃতিকভাবে জন্মায়। সমুদ্রপৃষ্ঠের প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় পাথুরে ও শুষ্ক ঢালু জমিতে পাওয়া যায়। উদ্ভিদটি পুদিনা গোষ্ঠীর। এই গোষ্ঠীর কিছু উদ্ভিদ অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহবিরোধী এবং জীবাণুনাশক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। নতুন উদ্ভিদটি দেড় মিটার পর্যন্ত লম্বা হয়। ফুলের রং হালকা নীল এবং সাদা। আর্জেন্টিনার জাতীয় রঙের সঙ্গে ফুলের রঙের মিল থাকায় মেসির নামে উদ্ভিদটির নামকরণ বিশেষ তাৎপর্য পেয়েছে। বৈজ্ঞানিক নামকরণের প্রচলিত রীতি অনুযায়ী, অনেক সময় কোনও বিশিষ্ট ব্যক্তির পদবি লাতিন রূপে ব্যবহার করে নতুন প্রজাতির নাম রাখা হয়। এ ক্ষেত্রে মেসি শব্দের শেষে একটি অতিরিক্ত ‘আই’ অক্ষর যুক্ত করা হয়েছে। ‘সালভিয়া মেসি’ শব্দের অর্থ হচ্ছে, মেসির ঔষধি। ২০২৪ সালের মে মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মেসিকে ফুটবলার হিসেবে বিশেষ স্বীকৃতি দেয়। নথি অনুযায়ী, ফুটবলারদের মধ্যে মেসির নামেই সবচেয়ে বেশি জীব, জীবাশ্ম বা ছত্রাকের নামকরণ হয়েছে। ‘সালভিয়া মেসি’ নামকরণের পর বিশ্বকাপজয়ী ফুটবলারের নামের সঙ্গে যেমন একটি উদ্ভিদ যুক্ত হল, তেমনই নিজের বিশ্বরেকর্ডও উন্নত করে ফেললেন। মেসির প্রতি গবেষকদের সম্মান প্রদর্শনেই এই নজির। /কেআর/