Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফ্রান্সের অর্থনীতিতে ঋণসংকট, উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের
ফ্রান্সের অর্থনীতিতে ঋণসংকট, উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। ২০০২ সালের পর এই প্রথম দেশটির বন্ডের সুদের হার এই পর্যায়ে পৌঁছেছে। এদিকে ফ্রান্স ও জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হারের ব্যবধান বৃহস্পতিবার ১৭০ বেসিস পয়েন্ট ছাড়িয়ে যায়। ২০১০-এর দশকের শুরুর ইউরোজোন ঋণসংকটের পর এই ব্যবধান এত বেশি হয়নি। ফরাসি সরকারের ঋণখেলাপির ঝুঁকির বিপরীতে বিমা ব্যয়ও একই সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশ্লেষকদের প্রধান উদ্বেগ, ফ্রান্সের ঋণসংকট ইউরোজোনের অন্যান্য অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ইউরোপের দেশগুলো একই মুদ্রা ব্যবহার করলেও তাদের রাজস্বনীতি আলাদা। ফলে একটি দেশের ঋণসংকট অন্য দেশের ঋণ নেওয়ার ব্যয় বাড়িয়ে দিতে পারে। এতে ঋণের সুদ পরিশোধের খরচ বাড়ার পাশাপাশি সরকারি অর্থব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। এর আগে ২০১০-এর দশকের শুরুর দিকে গ্রিসের ঋণসংকট পর্তুগাল, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেনে ছড়িয়ে পড়েছিলো। তখন বিপুল পরিমাণ সরকারি বন্ড ধারণ করা ব্যাংকগুলোকে সহায়তা দিতে সরকারগুলোকে এগিয়ে আসতে হয়। এতে সরকারি ঋণ ও ব্যাংকিং খাতের সংকট পরস্পরকে আরও গভীর করে তোলে। বর্তমান পরিস্থিতিতেও সরকারি ঋণ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বন্ডের সুদের হার বাড়াচ্ছে। এতে সরকারের ঋণ পরিশোধের ব্যয় বাড়ছে, যা ঋণের বোঝা আরও বাড়িয়ে দিতে পারে। নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানও সতর্ক করেছেন, ঋণ নিয়ে উদ্বেগ থেকে সুদের হার বৃদ্ধি এবং সেই বাড়তি ব্যয়ের কারণে নতুন করে ঋণ বাড়ার একটি দুষ্টচক্র তৈরি হতে পারে। ফ্রান্সের আর্থিক সংকটের পেছনে রয়েছে বড় বাজেট ঘাটতি ও ক্রমবর্ধমান সরকারি ঋণ। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও দুর্বল হয়ে পড়েছে। ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অসন্তোষ যুক্ত হওয়ায় সরকারি অর্থব্যবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইএনজি ব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান কার্স্টেন ব্রজেস্কির মতে, ফ্রান্স গভীর সংকটের মধ্যে রয়েছে। তবে দেশটির সরকারের তাৎক্ষণিকভাবে ঋণের সুদ ও মূলধন পরিশোধের অর্থ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নেই। তারপরও বন্ডবাজারে আস্থার ঘাটতি মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ২০১০-এর দশকের শুরুর মতো বড় ধরনের ইউরোজোন ঋণসংকটের ঝুঁকি তুলনামূলক কম। কারণ, আগের তুলনায় ইউরোপের ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হয়েছে। পাশাপাশি আর্থিক অস্থিরতা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের হাতে এখন আরও কার্যকর ব্যবস্থা রয়েছে। ব্ল্যাকরকের কৌশলবিদদের মতে, বর্তমান পরিস্থিতি আগের ঋণসংকটের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা। তবে বাজারে আরও অস্থিরতা এবং সংকট অন্য দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফোরভিস মাজারের প্রধান অর্থনীতিবিদ জর্জ লাগারিয়াসের হিসাবে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে ফ্রান্সের ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ১১৯ শতাংশে। ২০০৯ সালের শেষ দিকে গ্রিসের এ অনুপাত ছিল ১২৮ শতাংশ। লাগারিয়াসের আশঙ্কা, ফ্রান্সের সংকট ছড়িয়ে পড়লে ইতালি ও স্পেনের মতো দেশগুলোর ঋণ নেওয়ার ব্যয় বাড়তে পারে। এতে সরকারি ব্যয় কমানোর চাপ তৈরি হবে, যা সংশ্লিষ্ট দেশগুলোতে রাজনৈতিক অসন্তোষ বাড়াতে পারে। তবে তার মতে, ফ্রান্সের আর্থিক ঝুঁকিগুলো আগে থেকেই জানা। গ্রিসের মতো দেশটির সরকারি আর্থিক তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও বড় ধরনের প্রশ্ন নেই। এ কারণে সংকট ছড়িয়ে পড়ার ঝুঁকি সীমিত থাকতে পারে। অ্যাবারডিন ইনভেস্টমেন্টসের এক কর্মকর্তা পরিস্থিতিটিকে আপাতত পুরো ইউরোজোনের কাঠামোগত সংকটের পরিবর্তে ফ্রান্সকেন্দ্রিক ঝুঁকি হিসেবে দেখছেন। তাঁর ধারণা, সংকট অন্য দেশে ছড়িয়ে পড়লেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সব মিলিয়ে, ফ্রান্সের ঋণসংকট ইউরোপের বন্ডবাজারে নতুন চাপ তৈরি করেছে। ইউরোজোনের আর্থিক সুরক্ষাব্যবস্থা আগের চেয়ে শক্তিশালী হলেও ফরাসি বন্ডের সুদের হার আরও বাড়লে এবং বিনিয়োগকারীদের আস্থা কমতে থাকলে সংকটের প্রভাব অন্য দেশগুলোর অর্থনীতিতেও পড়তে পারে। কেআর/

ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

মঙ্গলবার (১৩ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার ফ্রান্সের শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইন ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ ও ই লেক্লের্কসহ একাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানগুলো ঘটনাটিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেট্টোর অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। কো-অপারেটিভ ইউর ১০০টির বেশি আউটলেটেও এর প্রভাব পড়েছে। ক্যারেফুরের ৮০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মোনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের মধ্যে আনুমানিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। ই লেক্লের্কও তাদের কয়েকটি দোকান লক্ষ্যবস্তু হওয়ার কথা জানিয়েছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সজুড়ে বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থায় এই হামলা চালানো হয়। ঘটনার পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার প্রভাব অন্য দেশেও পড়েছে কি না, তা জানতে ইউরোপের অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ফ্রান্স। পাশাপাশি দেশটির অন্যান্য প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে হামলার পেছনে কারা রয়েছে, কীভাবে রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। /শান্ত/