Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ (২১ অক্টোবর)। এর মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেওয়া হবে প্রতিমা বিসর্জন। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। এছাড়া দেবী দুর্গার বিদায়ের আগে, এদিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতনী নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তাঁরা। ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটকে (ঘোড়া) চড়ে এবং গমন করছেন নৌকায়। দেবী দুর্গার আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা। /এমএএইচ/

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের পূজামণ্ডপের বের হওয়ার গেটে এই ঘটনা ঘটে। কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল পাঠানো হয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপটি আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। পরিস্থিতি পরিদর্শনে হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির মুখ্য সচিব মনোজ আগরওয়াল। প্রত্যক্ষদর্শীরা জানান, হুড়োহুড়ির সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ দুটিই সরু ছিলো। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিলো না। তার মেয়ে ও নাতনি এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। /শান্ত/

এবার ঢাকায় কমেছে পূজামণ্ডপ
এবার ঢাকায় কমেছে পূজামণ্ডপ

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে পূজা হবে। প্রতিমা স্থাপনের পাশাপাশি ঘটে আয়োজিত পূজাও এই হিসাবের অন্তর্ভুক্ত। সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এবার দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এছাড়া পূজার দিনসংখ্যা, সরকারি বরাদ্দ এবং নিরাপত্তা প্রস্তুতিতেও বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত তারা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে বাংলাদেশের বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেছে পরিষদ। সন্তোষ শর্মা বলেন, রামু, নাসিরনগর, ২০২১ সালের কুমিল্লার ঘটনা ও সুনামগঞ্জসহ অতীতে ঘটে যাওয়া বড় হামলাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। আগামী ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদ্‌যাপিত হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। /শান্ত/