পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাই হবে বড় সংস্কার: প্রধানমন্ত্রী
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়। তাই নগরবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন ও বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, তার কাছে সংস্কার বলতে এমন উদ্যোগ বোঝায়, যার সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষও পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে সাধারণ মানুষের উপকার হয়, এমন সংস্কার বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, সরকারের কাজগুলো সঠিক মনে হলে প্রবাসীরা যেন সেগুলোকে সমর্থন দেন। তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে গণতন্ত্রমনা জনগণের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। /শান্ত/