Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইশরাকের পদত্যাগের ফলে সরকারে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর সংখ্যা রয়েছে ২৭ জন। এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। ওই দিন সন্ধ্যায় তাঁর লিখিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার পর রবিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিন সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ৮ মাসের সরকারের মেয়াদে এর আগে দু’জন পূর্ণমন্ত্রী পদত্যাগ করেন। তাঁরা হলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী আহমেদ আযম খান। /এমএএইচ/

সুস্থ হয়ে দায়িত্ব পালন করবো: চুয়েট উপাচার্য
সুস্থ হয়ে দায়িত্ব পালন করবো: চুয়েট উপাচার্য

বুধবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, পদত্যাগ কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি কোনো বক্তব্য বা বিবৃতি দেননি। অসুস্থতার কারণেই ক্যাম্পাস ছেড়েছিলেন জানিয়ে তিনি বলেন, এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থ হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনার পর থেকে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বুধবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। চলমান অচলাবস্থা ২৩তম দিনে গড়িয়েছে। সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম। এই সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি না যাওয়ায় উপাচার্যসহ ১২ জন ভবনটিতে অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তারা মুক্ত হন। পরে অসুস্থ উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে আর প্রবেশ না করার শর্তে উপাচার্যকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এই ধরনের শর্তে মুক্ত হওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ রাতুল বলেন, উপাচার্য আবার ক্যাম্পাসে ফেরার কথা বললে শিক্ষার্থীরা পরবর্তী ব্যবস্থা নেবেন। /শান্ত/

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদত্যাগ
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং রাজ্যসভার এমপি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন এল মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে দলের ভিত্তি শক্ত করার প্রতি সম্পূর্ণ সময় ও মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুরুগান ওই পদত্যাগের খবর জানিয়ে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত মাতা ও তামিলনাড়ুর সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের। আমি এখন তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চাই, আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চাই এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য পূর্ণ সময় উৎসর্গ করতে চাই। সবার আগে দেশ, তারপর দল, সবার শেষে নিজের স্বার্থ। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মাঝেই এল মুরুগানের এই পদত্যাগের ঘটনা ঘটলো। দেশটির জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভা এমপি এবং মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার পর এই জল্পনা শুরু হয়েছিলো। /আকরাম/