পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানান, এরইমধ্যে ১৩টি বগির উদ্ধারকাজ শেষ হয়েছে এবং বাকি একটি বগিতে তল্লাশি চালানো হচ্ছে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। এক যাত্রী জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছু সময় আগে রোহড়ির কাছাকাছি এলাকায় রেলকর্মীরা ট্রেনের ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আহত যাত্রীরা যাতে কোনো বিলম্ব ছাড়াই সেরা চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধ প্রদেশের নবাবশাহের কাছে ‘হাজারা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। মঙ্গলবারের এই দুর্ঘটনা পাকিস্তানের রেলওয়ের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করালো। /আকরাম/