দিনাজপুরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, মনোরঞ্জন রায় তাঁর একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সোনাপুকুর গ্রামে যান। এসময় পারিবারিক বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা এক হামলাকারীকে আটক করেন। পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। /এমএএইচ/