এসএসসি ফেল করা শিক্ষার্থীদের ৫ দাবি
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। পরীক্ষায় ফেল করার পর অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন। তাদের অভিভাবকেরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাই ঘাটতি পূরণ ও যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া প্রয়োজন। তারা বলেন, এটি কোনো নিয়মবহির্ভূত সুবিধার দাবি নয়। বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সমাধান চান তারা। একটি পরীক্ষার ফলের কারণে যেন শিক্ষাজীবনের ধারাবাহিকতা অযথা ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন, পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি ও যোগ্যতার বিষয়ে দ্রুত নির্দেশনা প্রকাশ এবং পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষা ও ফল প্রকাশের ব্যবস্থা করা। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। কোনো কারণে এ বছর পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি এবং পরের বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন শিক্ষার্থীরা। /শান্ত/