চার মিনিটে মেসির জোড়া গোল, আটলান্টাকে হারালো মায়ামি
ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের সহায়তায় গোলটি করেন তিনি। এর আগে আক্রমণ গড়ে ওঠার পেছনে অবদান ছিলো মেসিরও। বিরতির পর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বেরতেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল আদান-প্রদানের পর বক্সে ঢুকে নিচু শটে গোল করেন তিনি। ৪ মিনিট পর সুয়ারেজের পাস পেয়ে আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই দুই গোলে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪০টি। লিগের নিয়মিত মৌসুমে এক আসরে সর্বোচ্চ ৪৯টি গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন কার্লোস ভেলা। সেই রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আর ৯টি অবদান। মায়ামির হাতে রয়েছে আরও চার ম্যাচ। শেষ দিকে ফাফা পিকোর পেনাল্টি থেকে এক গোল শোধ করে আটলান্টা। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি। /শান্ত/