লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘দেলুপি’
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সন্ধ্যায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নির্মাতা ও সিনেমাটির দলের অন্য সদস্যরা এবার লন্ডনের প্রদর্শনীতে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না। এই কারণে লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের চলচ্চিত্রটি দেখতে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’ বিশেষ স্বীকৃতি অর্জন করে। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান চিরঞ্জিৎ বিশ্বাস। তাসভিরের এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই লন্ডনের উৎসবে নির্বাচিত হওয়ার খবর চলচ্চিত্রটির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দেলুপি’। নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিলো চলচ্চিত্রটি। পাশাপাশি ইতালির কারাভান উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে এটি। একের পর এক আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের আঞ্চলিক বাস্তবতা, সামাজিক সংকট এবং মানুষের জীবনসংগ্রাম বিশ্বদর্শকের সামনে তুলে ধরছে চলচ্চিত্র। ‘দেলুপি’র গল্প নির্মিত হয়েছে ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি এবং সেই সময়ের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে। নদী, জনপদ, মানুষের জীবনযাপন ও সংকটের সঙ্গে যুক্ত বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, এতে অভিনয় করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় মানুষেরাও। ফলে গল্পের বাস্তবতা ও স্থানীয় জীবনের অভিজ্ঞতা চলচ্চিত্রটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। চিত্রনাট্য ও নির্মাণশৈলীর কারণে দর্শক এবং সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘দেলুপি’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। /এমএএইচ/