Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা শুরু ২২ নভেম্বর
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা শুরু ২২ নভেম্বর

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিইসিপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের শতভাগ দেশীয় পণ্যের সর্ববৃহৎ প্রদর্শনী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’। এসএমই ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএমই ফাউন্ডেশন পরিচালিত ‘১২তম জাতীয় উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ এর বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। • তারিখ ও সময়: ২২ নভেম্বর ২০২৬, রবিবার, সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা। • স্থান: হল-অব-ফেম, বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, আগারগাঁও, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইনে নিবন্ধনের সুযোগ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। নিরাপত্তার স্বার্থে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র (NID) ও ব্যবসার স্বপক্ষে ট্রেড লাইসেন্স বা প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে ঢাকার বাইরের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকবে। চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তাদের কুরিয়ার বা ডাকযোগে সিরিয়াল নম্বরসহ আমন্ত্রণপত্র পাঠানো হবে, যা ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। • নিবন্ধন লিংক: আগ্রহী উদ্যোক্তারা সরাসরি এসএমই মেলা রেজিস্ট্রেশন ফর্ম অথবা সংশ্লিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন। এবারের মেলায় সারা দেশ থেকে ৪০০-এর বেশি উদ্যোক্তা অংশ নেবেন। মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের পণ্য বিক্রয়, ব্যাপক প্রচার ও ব্র্যান্ডিংয়ের পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশ পাওয়ার বড় সুযোগ থাকবে। এছাড়া উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তার জন্য বিভিন্ন ব্যাংক, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রায় ৫০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে, যেখান থেকে উদ্যোক্তারা সরাসরি প্রয়োজনীয় সেবা ও পরামর্শ নিতে পারবেন। নিবন্ধন বা মেলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে (মোবাইল: ০১৮১৮১০০০১৭) সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে যোগাযোগ করা যাবে। /এমএএইচ/