তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১১টার পরপরই দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করে পুলিশ। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি উল্টে গেছে এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগও দেখা যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নিহতদের দেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: আল জাজিরা /আকরাম/