Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সম্পর্কের বন্ধন দৃঢ় করতে পারিবারিক আড্ডা
সম্পর্কের বন্ধন দৃঢ় করতে পারিবারিক আড্ডা

সপ্তাহে অন্তত একবার কিছু সময় একটা পরিকল্পিত আড্ডা পরিবারের সদস্যদের মধ্যে তৈরি করতে পারে আন্তরিকতা, সহযোগিতা এবং একে অপরকে বোঝার এক শক্তিশালী ভিত্তি। একটি পারিবারিক আড্ডায় যেসব বিষয়গুলো থাকতে পারে- ১. প্রয়োজনীয় বিষয়ের আলোচনা পরিবারের কে, কী বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তা সবাই সবাইকে জানানো। সন্তানেরা তাদের পড়ালেখা সংক্রান্ত কি কি জিনিস এই মুহুর্তে লাগবে তা জানালো। বাবা-মা বিষয়গুলো শুনে সময় সাপেক্ষে তা পুরণের কথা জানালেন। এতে পরিবারের সদস্যদের মাঝে বোঝাপড়া বৃদ্ধি পায়। ২. জ্ঞানচর্চা ও একাডেমিক আলোচনার পর্ব ছেলেমেয়েরা তাদের স্কুল-কলেজের মজার অভিজ্ঞতার কথা শেয়ার করলো। পড়ালেখার অগ্রগতি বা সমস্যা থাকলে তা জানালো। মা-বাবা পত্রিকার দেশের বা বিশ্বের আলোচনাযোগ্য গুরুত্বপূৰ্ণ খবর তুলে ধরলেন। এতে পরিবারে শেখার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর হয়। ৩. শখ ও সৃজনশীলতার প্রদর্শনী ছেলেমেয়েরা যে যা পারে-নাচ, গান, আবৃত্তি শোনালো। মা মজার একটা গল্প বললেন, গান গেয়ে শোনালেন। বাবা একটি রম্য বা হাসির ছড়া শুনালেন। ছোটরা তার এই সপ্তাহে আঁকা বিভিন্ন ছবি দেখালো। এতে একে অপরের প্রতিভা ও মনোযোগকে মূল্য দেওয়া হয় এবং সবাই নিজ নিজ সৃজনশীলতা বৃদ্ধির উৎসাহ পায়। ৪. ভালো কাজের প্রতিবেদন সন্তান জানালো, আমি আমার বন্ধুকে অংক শিখতে সাহায্য করেছি। মা বললেন, আমি পাশের বৃদ্ধা আন্টিকে ওষুধ কিনে দিয়েছি। বাবা অফিসে এক সহকর্মীর কাজে সাহায্য করেছেন। এতে শিশুদের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে ওঠে। ৫. ধন্যবাদ ও প্রশংসার মুহূর্ত স্কুলের বাড়ির কাজে সহযোগিতার জন্যে ছেলে মাকে ধন্যবাদ জানালো, মা বললেন, আজ সবাই নিজের কাজ নিজে করেছ, আমি খুব খুশি, ধন্যবাদ। বাবা ছেলে মেয়ে সবাই ভালোভাবে পড়ালেখা করার জন্য বললেন- আমি খুব খুশি হয়েছি। তোমাদের ধন্যবাদ। মেয়ে বললো, আব্বু আমাদের ছুটির দিনে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এতে সম্মান ও সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পায়। পারিবারিক আড্ডা কেবল বিনোদনের জন্য নয়, এটি পরিবারের সদস্যদের মাঝে দায়িত্ববোধ, শ্রদ্ধাবোধ, ইতিবাচক মানসিকতা এবং ভালোবাসা গড়ে তোলে। এভাবে একটি ছোট্ট আয়োজনেই তৈরি হতে পারে একটি পরিবারে সৃজনশীলতা, সহমর্মিতা ও মননশীলতার এক অনন্য পরিসর। তাই আমাদের উচিত সপ্তাহে মাত্র একদিন হলেও পরিবারের সবাইকে নিয়ে একটুখানি সময় হালকা চা-নাশতা আর মন খুলে কথা বলার জন্য ফ্যামিলি আড্ডার আয়োজন করা। /শিউলী/